১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে সরাসরি সহায়তার লক্ষ্য নিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ একযোগে দেশের ১৪টি উপজেলায় এই কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার রাজধানীতে এক বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, মন্ত্রিপরিষদের উপ-কমিটির সুপারিশের ভিত্তিতেই প্রকল্পটির পরীক্ষামূলক বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে কার্ড বিতরণ করা হবে।

মন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারী সদস্যরা মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিবেচনা ছাড়াই তথ্য সংগ্রহ করা হবে ‘ডোর টু ডোর’ পদ্ধতিতে, যাতে প্রকৃত উপকারভোগীরা অন্তর্ভুক্ত হন।

চার মাসের পাইলট পর্যায় সফল হলে ধাপে ধাপে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে কেন্দ্র করেই এই উদ্যোগ, যা একটি পরিবারের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের স্থিতিশীলতাও নিশ্চিত করবে।