পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও যথাযথ বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

তিনি বলেছেন, বিচারাধীন সব মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থান-এ আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানার ঘটনা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। এর পেছনের উদ্দেশ্য উদ্‌ঘাটনে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে রয়েছে।

তিনি স্পষ্ট করেন, নতুন কোনো তদন্ত কমিশন গঠনের পরিকল্পনা নেই। বিদ্যমান বিচারিক প্রক্রিয়াই শেষ করা হবে। শহীদ পরিবারদের আশ্বস্ত করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার যে অপচেষ্টা হয়েছিল, তার দায়ীদের বিচার নিশ্চিত করা হবে—যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।