সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দের নির্দেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

অর্থপাচার তদন্তের অংশ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী-এর নামে যুক্তরাজ্যে থাকা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট ও প্রায় ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের অন্যান্য সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে।

আবেদনে উল্লেখ করা হয়, লন্ডনের মেরিলিবোন স্কয়ারে একটি উচ্চমূল্যের অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট, ক্ল্যারেনডন রোডে ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি এবং লিভারপুলের ওয়ান ইসলিংটন প্লাজায় কয়েকটি ইউনিটসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য সম্পদের প্রাথমিক তালিকা আদালতে উপস্থাপন করা হয়েছে। তদন্তে বিদেশে সম্পত্তি কেনার চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, চেক ও ভাউচারসহ নথি জব্দের তথ্যও জানানো হয়।

আদালত মনে করেছে, তদন্তের স্বার্থে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।