পর্দা উঠল অমর একুশে বইমেলার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

কয়েক দফা তারিখ পরিবর্তন ও প্রকাশকদের মতভেদ পেরিয়ে অবশেষে শুরু হলো অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৩ মিনিটে তারেক রহমান বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য—‘বহুমাত্রিক বাংলাদেশ’।

উদ্বোধনী আয়োজনে জাতীয় সংগীত, ধর্মগ্রন্থ পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই মঞ্চে প্রদান করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

এবারের মেলায় অংশ নিয়েছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান—বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি। মোট ইউনিট ১,০১৮টি। লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি এবং শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।

১৫ মার্চ পর্যন্ত চলা মেলা প্রতিদিন খোলা থাকবে বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত (ছুটির দিনে সকাল ১১টা থেকে)। আয়োজকেরা পরিবেশ সুরক্ষায় ‘জিরো ওয়েস্ট’ নীতির ঘোষণা দিয়েছেন—পলিথিন ও ধূমপানমুক্ত প্রাঙ্গণ, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহারকে উৎসাহ দেওয়া হচ্ছে।