সংবিধান সংস্কারসংক্রান্ত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে উল্লেখযোগ্য সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। সংশোধিত হিসাবে ‘হ্যাঁ’ ও ‘না’—উভয় পক্ষের ভোটই আগের ঘোষণার তুলনায় কমেছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে প্রকাশিত একটি অতিরিক্ত গেজেটে সংশোধিত ফল জানানো হয়। এতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফল প্রথম গেজেটে প্রকাশের পর হিসাব পুনর্মূল্যায়ন করা হয়েছে।
নতুন গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭, যার মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ ভোট। বৈধ ভোটের সংখ্যা এখন ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।
এর আগে ঘোষিত ফলের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে প্রায় ৯ লাখ ৭৫ হাজার এবং ‘না’ ভোট কমেছে প্রায় ১ লাখ ১১ হাজার। মোট ভোট কমেছে ১০ লাখের বেশি, বিপরীতে বাতিল ভোট কিছুটা বেড়েছে।
সংশোধনের নির্দিষ্ট কারণ জানায়নি কমিশন। তবে এই গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতির বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :