খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে সহিংস বিক্ষোভ, নিহত অন্তত ছয়


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে সহিংস বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার করাচিতে মার্কিন দূতাবাসের সামনে শুরু হওয়া এ বিক্ষোভে বহু মানুষ আহত হন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা এধি রেসকিউ সার্ভিস। খবর আল জাজিরা।

পুলিশ সূত্র জানায়, বিক্ষোভকারীরা দূতাবাস প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে হতাহতের ঘটনা ঘটে। করাচির সিভিল হাসপাতালে ছয়টি মরদেহ আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে দূতাবাস ভবনের জানালা ভাঙচুর ও আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় ও আধা-রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় ইরানে সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিক্ষোভ সেই আঞ্চলিক উত্তেজনারই সর্বশেষ প্রতিফলন।