ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে রোববার হাজারো শিয়া মুসলিম রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।
রাজধানী শ্রীনগর–এর প্রধান চত্বরে আয়োজিত সমাবেশে লাল, কালো ও হলুদ পতাকা হাতে অংশ নেন বিক্ষোভকারীরা।
সমাবেশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান শোনা যায়। আবেগঘন পরিবেশ থাকলেও বিক্ষোভ বেশিরভাগ সময় শান্তিপূর্ণ ছিল। বার্তা সংস্থা এএফপি–কে এক বিক্ষোভকারী বলেন, খামেনির মৃত্যু তাঁদের জন্য গভীর শোকের মুহূর্ত এবং তাঁরা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবেন।
কাশ্মীরের আরও বিভিন্ন এলাকায় এবং ভারতের যেসব অঞ্চলে উল্লেখযোগ্য শিয়া জনসংখ্যা রয়েছে, সেখানেও অনুরূপ বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে—এমন কোনো কর্মকাণ্ড এড়িয়ে চলা জরুরি।


আপনার মতামত লিখুন :