ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো অভিযানের অংশ হিসেবে উত্তর–পূর্ব তেহরানের নার্নাক এলাকায় আহমাদিনেজাদের বাসভবনে হামলা হয়। এতে তিনি ও তাঁর কয়েকজন দেহরক্ষী নিহত হন।

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। কট্টরপন্থী অবস্থান ও পশ্চিমা দেশগুলোর প্রতি প্রকাশ্য বিরোধিতার জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ছিলেন। এর আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর ও তেহরানের মেয়রের দায়িত্ব পালন করেন।

২০০৯ সালের বিতর্কিত নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তা তাঁর শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।