শাহজালালে তিন দিনে ৭৪টি ফ্লাইট বাতিল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ঢাকার **হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর** তিন দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলে এর সরাসরি প্রভাব পড়ে ঢাকায়।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। রোববার (১ মার্চ) বাতিলের সংখ্যা দাঁড়ায় ৪০টিতে। এ ছাড়া সোমবারের (২ মার্চ) জন্য আরও ১১টি ফ্লাইট বাতিলের ঘোষণা এসেছে।

এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, কাতার এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, কুয়েত এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ একাধিক সংস্থার ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে ফেরার অপেক্ষায় থাকা কয়েক হাজার যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।