ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১:০০ অপরাহ্ন

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েল–এর উত্তরাঞ্চলে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার ভোরে ‘এক ঝাঁক ড্রোন’ ব্যবহার করে ঘাঁটির রাডার ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে আঘাত হানা হয়।

গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এ অভিযান। একই সময়ে লেবানন সরকার জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১৫৪ জন আহত হয়েছেন—যা আগের প্রাথমিক হিসাবের চেয়ে বেশি।

সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের তথ্যে বলা হয়েছে, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরে বোমাবর্ষণের ফলে ২৮ হাজার ৫০০-এর বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। অঞ্চলজুড়ে সংঘাতের এই নতুন মাত্রা উত্তেজনা আরও বাড়িয়েছে।