ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে কাতার। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, কাতারের জলসীমা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলাগুলো দেশটির নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
তিনি জানান, সাম্প্রতিক এক ঘটনায় ইরানি যুদ্ধবিমান দোহার দিকে অগ্রসর হলে কাতার নিজস্ব যুদ্ধবিমান উড্ডয়ন করে সতর্কবার্তা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ইরানি বিমানের দিকে গুলি চালানো হয়। পাইলটদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আল-আনসারির ভাষ্য অনুযায়ী, কাতারের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত জ্বালানি অবকাঠামো এবং হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে এবং বিমানবন্দর ও কর্মীরা নিরাপদ আছেন।
তিনি জানান, উত্তেজনার কারণে হাজারো যাত্রী কাতারে আটকে পড়লেও তাদের জন্য হোটেল, ভিসার মেয়াদ বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে জনগণকে আহ্বান জানানো হয়।
ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কোনো যোগাযোগ নেই উল্লেখ করে আল-আনসারি বলেন, হামলা অব্যাহত থাকলে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার কাতারের রয়েছে—যদিও সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
আপনার মতামত লিখুন :