চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়—এক মধ্যবয়সী ব্যক্তি শিশুটিকে পার্ক এলাকার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছেন। ওই ফুটেজ বিশ্লেষণ করেই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়।
গত শনিবার সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা থেকে শিশুটিকে গলাকাটা ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা তাকে প্রথম দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। পুলিশ বলছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :