ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি সূত্রের বরাতে বলেছে, ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ এসেম্বলি অব এক্সপার্ট বিপ্লবী গার্ডের চাপের মুখে মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে। ইরানের ক্ষমতাকাঠামোর ভেতরে এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত মোড় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে ইরানি গণমাধ্যম ফার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে মাশহাদে সমাহিত করা হবে। মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর; এখানেই খামেনির জন্ম এবং এখানকার ইমাম রেজা মাজার-এ তাঁর বাবার কবর রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হন। ওই হামলায় তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যের মৃত্যুর খবর প্রকাশ করে ইরানি সংবাদমাধ্যমগুলো। এছাড়া হামলায় আহত খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ দুই দিন পর মারা যান বলে এনডিটিভি ইরানি সূত্রের বরাতে জানিয়েছে।