৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল: কে পেলেন কোন মন্ত্রণালয়


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

সরকারে আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়। প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে বণ্টন করা হয়েছে।

নতুন বিন্যাস অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলম এখন কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের। একই মন্ত্রণালয়গুলোর প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এখন দেখবেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এখন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এখন দায়িত্ব পালন করবেন শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দায়িত্ব সীমিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে।

মন্ত্রিপরিষদ বিভাগের ভাষ্য অনুযায়ী, প্রশাসনিক দক্ষতা ও কাজের সমন্বয় জোরদার করতেই এই দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।