মার্কিন সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানের জাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ জন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার ভোরে গালে উপকূলের অদূরে এই উদ্ধার অভিযান চালানো হয়। শ্রীলঙ্কার পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

নৌবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উদ্ধার কাজ এখনও শেষ হয়নি এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তাঁর ভাষায়, “এ পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।”

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন সাবমেরিন আঘাত হানে এবং সেটি ডুবে যায়। তিনি বলেন, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল এবং নিজেকে নিরাপদ মনে করেছিল। তবে কোন নির্দিষ্ট জাহাজটি লক্ষ্যবস্তু ছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

শ্রীলঙ্কার নৌবাহিনীর আগের এক বিবৃতিতে বলা হয়েছিল, বুধবার ভোরে গালে উপকূলের কাছে ইরানের যুদ্ধজাহাজ আইরিস দেনা ডুবে যাওয়ার পর প্রায় ১৪০ জন নাবিক নিখোঁজ হন। হতাহতের প্রকৃত সংখ্যা এখনও যাচাই করা হচ্ছে।

এই ঘটনার তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি নিউজ। ইরান বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।