তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
ইসরাইলের প্রধান নগরী তেল আবিবসহ কয়েকটি এলাকায় শুক্রবার সকালে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে নিক্ষিপ্ত একাধিক রকেট প্রতিহত করার চেষ্টা চালানোর সময় এসব বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
ইসরাইলের সামরিক সূত্রের মতে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। প্রতিরোধের সময় আকাশে একাধিক বিস্ফোরণ দেখা যায় এবং এর শব্দ তেল আবিবসহ আশপাশের এলাকায় শোনা যায়।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ঘোষিত সামরিক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবকে লক্ষ্য করে ‘খেইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, এই অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালানো হয়েছে এবং লক্ষ্য ছিল তেল আবিবের কেন্দ্রস্থলের গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে হামলার ফলে ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইসরাইলি কর্তৃপক্ষও এ ঘটনায় বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করেনি। সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, যার জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।
আপনার মতামত লিখুন :