জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন এ ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক সহনশীলতার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং আইনের শাসন নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষায়, রাষ্ট্রের সব স্তরে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।