ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ দাবিকে প্রত্যাখ্যান, ইরানের কড়া প্রতিক্রিয়া


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ইরানকে আত্মসমর্পণের আহ্বান এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে মন্তব্য করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের কর্মকর্তারা এসব মন্তব্যকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য তেহরানের নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। বরং এটি ইরানের বর্তমান অবস্থানকে আরও দৃঢ় করেছে।

ইরানি কর্মকর্তাদের মতে, দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং তা সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের এখতিয়ারের মধ্যে পড়ে। এ বিষয়ে বিদেশি কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও তারা স্পষ্ট করেছেন।

বিশ্লেষক আসলানি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, তেহরানের অবস্থানে আত্মবিশ্বাসী সুর স্পষ্ট। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ইরান তাদের নীতিগত অবস্থান থেকে সরে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না।

তার মতে, ট্রাম্পের বক্তব্যকে কেন্দ্র করে ইরান বরং তাদের কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরছে। তেহরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সমঝোতার ইঙ্গিত দেয়নি এবং চলমান উত্তেজনার মধ্যেও তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।