নিরাপত্তা উদ্বেগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে নিরাপত্তা বিবেচনায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী, কর্মী ও বিমানসংস্থার ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের সাম্প্রতিক এক ঘোষণায় বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উড্ডয়ন ও অবতরণসহ বিমানবন্দরের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বিমান চলাচলেও এর প্রভাব পড়ছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক রুট পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন বিমানসংস্থা বিকল্প আকাশপথ ব্যবহার করছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের প্রধান ট্রানজিট কেন্দ্রগুলোর একটি হওয়ায় দুবাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হওয়া আন্তর্জাতিক বিমান চলাচল ও বাণিজ্যিক যোগাযোগে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।