লেবাননে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননে চলমান সংঘাতে এটিই প্রথমবারের মতো ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আইডিএফের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আইডিএফ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিহত একজন সেনার পরিচয় প্রকাশ করেছে। তিনি ৩৮ বছর বয়সী মাস্টার সার্জেন্ট মাহের খাতার, যিনি ইসরায়েলের মাজদাল শামস এলাকার বাসিন্দা। নিহত অন্য সেনার নাম প্রকাশ করা হয়নি, তবে তার পরিবারকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, লেবাননে তাদের সাম্প্রতিক অভিযানে হিজবুল্লাহ ও সংশ্লিষ্ট অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর প্রায় ২০০ সদস্য নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে গত সপ্তাহ থেকে লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, এসব অভিযান মূলত হিজবুল্লাহর সামরিক অবস্থান লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে হিজবুল্লাহও সময় সময় ইসরায়েলের অভ্যন্তরে রকেট ও অন্যান্য হামলা চালাচ্ছে। এতে সীমান্ত এলাকায় সংঘাতের মাত্রা আরও বেড়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন। পরিস্থিতি ঘিরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।