সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া? যা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির প্রধান মিত্রদের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা বাড়ছে। বিশেষ করে রাশিয়া ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে কি না—এ প্রশ্নের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতাও সেই সম্পর্কের অংশ এবং এটি নতুন কোনো বিষয় নয়।

আরাগচির ভাষায়, “রাশিয়ার সঙ্গে আমাদের একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। অতীতেও সামরিক সহযোগিতা ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তবে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া ইরানকে সরাসরি সহায়তা করছে কি না—এ প্রশ্নে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। তিনি বলেন, এ ধরনের সামরিক বিষয়ের বিস্তারিত তথ্য তার কাছে নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে, তবে নির্দিষ্ট সামরিক কার্যক্রম সম্পর্কে তিনি মন্তব্য করতে পারেন না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান ও সম্ভাব্য সমর্থন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে আলোচনা জোরদার হয়েছে।