ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষ

ইসরায়েল–হিজবুল্লাহ সংঘাতে লেবাননে ৭ দিনে ৮৩ শিশুর মৃত্যু: ইউনিসেফ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতে গত এক সপ্তাহে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

সোমবার প্রকাশিত ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সংঘর্ষে শিশুদের ওপর আঘাতের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সাত দিনে লেবাননের বিভিন্ন এলাকায় গড়ে প্রতিদিন ১০ জনের বেশি শিশু নিহত এবং প্রায় ৩৬ শিশু আহত হয়েছে।

ইউনিসেফ আরও জানিয়েছে, দীর্ঘমেয়াদি সংঘাতের প্রভাবও গুরুতর। গত ২৮ মাসে লেবাননে মোট ৩২৯ শিশু নিহত এবং অন্তত ১ হাজার ৬৩২ শিশু আহত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে।

সংস্থাটির মতে, চলমান সহিংসতার কারণে ব্যাপক সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৭ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, যাদের মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে।

ইউনিসেফ বলছে, এই পরিস্থিতি শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। সংস্থাটি অবিলম্বে সহিংসতা কমাতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: আল জাজিরা।