প্রধান ডিপোগুলোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

দেশে জ্বালানি তেল সরবরাহ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার প্রেক্ষাপটে প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল বিপণনে অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে। বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিক বাড়তি চাহিদা পূরণ করা কিছু ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এতে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি বিপণন কোম্পানিগুলোর তথ্যের ভিত্তিতে যেসব স্থাপনাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা এবং খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ী, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের তেল ডিপো।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এসব ডিপো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো (কেপিআই) হিসেবে বিবেচিত হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এর আগে গত শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনের প্রস্তাব দেন। তার স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।