ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার দুপুরের পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথমে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পরে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল শপথ গ্রহণ করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার পদে একমাত্র প্রার্থী হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করা হয়। অধিবেশনে সভাপতিত্বকারী সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে অন্য কোনো মনোনয়ন জমা পড়েনি।
সংসদ সদস্য নূরুল ইসলাম স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন এবং রকিবুল ইসলাম তা সমর্থন করেন। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হলে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন।
একই অধিবেশনে ডেপুটি স্পিকার পদে একমাত্র প্রার্থী হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার প্রস্তাব উত্থাপন করেন এবং আশরাফউদ্দিন তা সমর্থন করেন। কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হলে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
শপথ গ্রহণের মাধ্যমে সংসদের এই দুটি সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
আপনার মতামত লিখুন :