ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা দিয়েছেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আপাতত বন্ধই থাকবে।
এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, দেশের ওপর বাড়তে থাকা চাপ ও চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের প্রতিপক্ষদের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এই সিদ্ধান্ত বজায় রাখা হবে। খবর আল জাজিরার।
ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তার মতে, হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক ও রাজনৈতিক চাপের জবাব হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে মার্কিন সামরিক নিরাপত্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এখনো প্রস্তুত নয়। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যাচ্ছে না।
রাইটের ভাষ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক মনোযোগ মূলত ইরানের আক্রমণাত্মক সামরিক সক্ষমতা এবং সেই সক্ষমতা সমর্থনকারী অবকাঠামো দুর্বল করার দিকে কেন্দ্রীভূত রয়েছে।
ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা সহায়তা এবং শিপিং কোম্পানিগুলোর জন্য পুনর্বীমা সুবিধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। তবে এখন পর্যন্ত কোনো জাহাজকে সেই নিরাপত্তা ব্যবস্থার আওতায় প্রণালি অতিক্রম করতে দেখা যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে বিবেচিত হরমুজ প্রণালির পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ও দামের ওপর চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :