বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও তা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে ট্রাম্প লিখেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশটি উৎপাদন ও রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা পেতে পারে।
তবে তিনি বলেন, অর্থনৈতিক লাভের প্রশ্নের বাইরে তার প্রশাসনের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্পের ভাষায়, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টা রোধ করা প্রয়োজন।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটেই ট্রাম্পের মন্তব্যটি সামনে এসেছে, যা আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: বিবিসি।
আপনার মতামত লিখুন :