রাজধানী ঢাকায় চলতি মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার পর শহরের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য শিলাবৃষ্টি ও দমকা হাওয়া লক্ষ্য করা যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই সময়ের ঝড়বৃষ্টি সাধারণত স্বল্পস্থায়ী এবং স্থানীয়ভাবে সৃষ্টি হওয়া মেঘের প্রভাবে ঘটে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, দেশে ইতোমধ্যে প্রাক্-মৌসুমি ঝড়, অর্থাৎ কালবৈশাখীর প্রবণতা শুরু হয়েছে। বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এ ধরনের ঝড়বৃষ্টি দেখা যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সে ক্ষেত্রে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্তও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরপরের কয়েক দিনেও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদেরা বলছেন, এই সময়ের ঝড়বৃষ্টি সাধারণত দীর্ঘস্থায়ী হয় না এবং দেশের সব এলাকায় একসঙ্গে ঘটে না। স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার ফলে হঠাৎ করেই স্বল্প সময়ের জন্য বৃষ্টি ও ঝড় দেখা দেয়।
ঈদুল ফিতর ঘনিয়ে আসার সময়ে এ ধরনের আবহাওয়া মানুষের কেনাকাটা ও সম্ভাব্য ঈদযাত্রায় কিছুটা প্রভাব ফেলতে পারে। আবার ঈদের দিন বৃষ্টি হলে খোলা মাঠে নামাজের আয়োজনেও সাময়িক অসুবিধা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে—৮৩ মিলিমিটার। এ ছাড়া নেত্রকোনায় ৪৭ মিলিমিটার, মৌলভীবাজারে ৩৬ মিলিমিটার, দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়া ও নওগাঁয় ১২ মিলিমিটার, পঞ্চগড়ে ১১ মিলিমিটার, ফেনীতে ৯ মিলিমিটার এবং রংপুরে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে—৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মতামত লিখুন :