২৯ মার্চ পর্যন্ত মুলতবি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন
বাংলার মুখ প্রতিবেদক
প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। রোববার অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই ঘোষণা দেন।
স্পিকার বলেন, সংসদের পরবর্তী বৈঠক ২৯ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। অধিবেশন পরিচালনায় সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ জানান এবং আগাম ঈদের শুভেচ্ছাও জানান।
এর আগে রোববার বেলা ১১টায় অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৈঠক শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনে সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও বৈঠকে অংশ নেন।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলের কয়েকজন সদস্য বিক্ষোভ দেখিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
আপনার মতামত লিখুন :