ট্রাম্পকে চ্যালেঞ্জ আইআরজিসির: সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মনে করে ইরানের নৌবাহিনী অকার্যকর হয়ে গেছে, তবে তারা পারস্য উপসাগরে তাদের জাহাজ পাঠিয়ে তা প্রমাণ করে দেখাক।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেওয়া এক বিবৃতিতে নাইনি দাবি করেন যে হরমুজ প্রণালী বর্তমানে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই অঞ্চলে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানির জবাব কঠোরভাবে দেওয়া হবে।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, “যদি ইরানের নৌবাহিনী সত্যিই ধ্বংস হয়ে থাকে, তাহলে সাহস থাকলে পারস্য উপসাগরে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে তা পরীক্ষা করে দেখুক।”

চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সামরিক কার্যক্রমের একটি পরিসংখ্যানও তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র। তার দাবি অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সম্পর্কিত লক্ষ্যবস্তুর দিকে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার ড্রোন ব্যবহার করা হয়েছে।

নাইনি আরও বলেন, ইরান এখনো তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা পুরোপুরি প্রয়োগ করেনি। তার ভাষ্য অনুযায়ী, দেশের কৌশলগত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এবং প্রতিপক্ষকে প্রতিরোধ করা সম্ভব না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।