মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পাঁচ দিনের ব্যবধানে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী ‘এইচএল পাফিন’ নামের একটি ট্যাংকার ইতোমধ্যে কুতুবদিয়া উপকূলে নোঙর করেছে। নির্ধারিত সময় অনুযায়ী, ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ বুধবারের মধ্যে বন্দরে ভিড়বে।
জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান সূচি অনুযায়ী বাকি দুটি ট্যাংকারও সময়মতো পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ আগাম প্রস্তুতির অংশ হিসেবে আমদানি বাড়াচ্ছে। এ উদ্যোগ দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :