কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে নিজ কার্যালয়ের নিচে নামেন তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংক্ষিপ্ত আলাপের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ের ভেতরে হেঁটে বিভিন্ন ভবন পরিদর্শন শুরু করেন। প্রথমে তিনি ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ঘুরে দেখেন।

পরবর্তীতে তিনি ৫ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শেষে ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পুনরায় নিজ কার্যালয়ে ফিরে যান।
সূত্র জানায়, পূর্বনির্ধারিত কোনো সূচি ছাড়াই প্রায় এক ঘণ্টাব্যাপী এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।
আকস্মিক এ পরিদর্শনের সময় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :