দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। সিলেট থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে তরুণদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন উদ্যোগে সেই ধারণাকে ক্রীড়াক্ষেত্রে সম্প্রসারণ করা হচ্ছে, যাতে শিশু ও কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা খেলাধুলার দক্ষতা চিহ্নিত করা যায়।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া কেবল বিনোদন বা শরীরচর্চার বিষয় নয়; এটি একটি পেশাগত ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। সেই বাস্তবতায় বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্যও দীর্ঘমেয়াদি আর্থিক ও পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
সরকার ইতোমধ্যে ক্রীড়াবিদদের জন্য একটি কাঠামোবদ্ধ বেতন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর আওতায় নিয়মিত ক্রীড়া ভাতা প্রদান করা হবে, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সরকারের এই পদক্ষেপকে ক্রীড়াক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করবে।
আপনার মতামত লিখুন :