এপ্রিলের প্রথম সপ্তাহে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

রাজধানীতে হামের সংক্রমণ হঠাৎ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার দ্রুত টিকা সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং টিকা সংগ্রহ প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থাও দ্রুত সম্প্রসারণ করা হয়েছে। রাজধানীর মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট ১৮ ঘণ্টার মধ্যে চালু করা হয়। একইসঙ্গে বিভিন্ন হাসপাতালে শিশুদের জন্য পৃথক ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটর বাড়ানো হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতেও নতুন ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর যুক্ত করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান থাকলেও ২০১৮ সালের পর বড় আকারে কোনো হামের টিকাদান কর্মসূচি হয়নি। ফলে যেসব শিশু টিকার বাইরে ছিল বা পরে জন্ম নিয়েছে, তাদের মধ্যেই সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে।

সরকার ইতোমধ্যে টিকা ক্রয়ের অর্থ আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফকে পরিশোধ করেছে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হলেই সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের টিকা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, টিকা সরবরাহ শুরু হলে দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার করা হবে। বিশেষ করে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।