মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এক মাস অতিক্রম করার পর নতুন মাত্রা পেয়েছে, এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
নির্ধারিত সময় অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) রাত ৯টায় (ইস্টার্ন টাইম) হোয়াইট হাউস থেকে তিনি এই ভাষণ প্রদান করবেন, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় সম্প্রচারিত হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান জনগণের সামনে তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সমাপ্ত হতে পারে। একই সঙ্গে তিনি সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার কথাও উল্লেখ করেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
বাস্তব পরিস্থিতি তবে ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া সংঘাত ইতোমধ্যে বিস্তৃত হয়ে আঞ্চলিক অস্থিরতায় রূপ নিয়েছে। ড্রোন হামলা, জাহাজে আঘাত এবং পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
সংঘাতের শুরুতেই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সীমিতভাবে নিয়ন্ত্রণে নেয়, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে কিছু মিত্র দেশের জন্য আংশিক চলাচল অনুমোদিত হলেও সামগ্রিক পরিস্থিতি এখনও অস্থির।
এই প্রেক্ষাপটে ট্রাম্পের ঘোষিত ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা কিংবা সংঘাত নিরসনে নতুন কোনো কূটনৈতিক উদ্যোগের ঘোষণা আসে কি না—সেদিকেই এখন বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি নিবদ্ধ।
আপনার মতামত লিখুন :