অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা সকল আরোহীর মৃত্যু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
রুশ বার্তাসংস্থা তাসের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে নিয়মিত ফ্লাইট পরিচালনার সময় এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে থাকা ৬ জন ক্রু সদস্য ও ২৩ জন যাত্রী—মোট ২৯ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে বিবেচনায় নেওয়া হচ্ছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে কোনো ধরনের বাহ্যিক আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আঘাত বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনাকে আপাতত নাকচ করা হয়েছে।
বিমানটি ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়, যা উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর থেকে অঞ্চলটি আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।
আপনার মতামত লিখুন :