স্পষ্ট অবস্থান প্রত্যাশা করে তেহরান

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল বাংলাদেশের ৬ জাহাজ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ৩:১২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এ তথ্য জানান।

রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, জাহাজগুলো নিরাপদে ফেরত আনার বিষয়ে ঢাকা ও তেহরানের মধ্যে সমন্বিত প্রচেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, জাহাজে থাকা বাংলাদেশি নাগরিকদের সহায়তায় সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে ইরান-সংক্রান্ত চলমান সংঘাত নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থান নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। তার মতে, উদ্বেগ প্রকাশের পাশাপাশি আরও স্পষ্ট অবস্থান প্রত্যাশা করে তেহরান।

তিনি বলেন, বাংলাদেশ হলো ইরানের ভাই। দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে, এটাই আশা করি।”