দেশে হামের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সংক্রমণ বেশি এমন উপজেলাগুলোকে প্রাথমিকভাবে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে ছয় মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের প্রস্তুতি জোরদার করা হয়েছে। টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ছুটি সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মঙ্গলবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।
তবে বিশেষজ্ঞদের মতে, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সব ক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষাপটে দ্রুত ও বিস্তৃত টিকাদান কর্মসূচিকে সংক্রমণ নিয়ন্ত্রণের প্রধান উপায় হিসেবে দেখছে সরকার।
আপনার মতামত লিখুন :