শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে মির্জা আব্বাস


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে চিকিৎসকদের পর্যবেক্ষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সীমিত পরিসরে কথা বলছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ মির্জা আব্বাসকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর থেকেই তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থার ধারাবাহিক উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সেই অনুযায়ী নির্ধারণ করা হবে।