৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৭:০০ অপরাহ্ন

দেশব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আগে টিকা নেওয়া থাকলেও নির্ধারিত বয়সসীমার সব শিশুকেই এ কর্মসূচির আওতায় আনা হবে। তবে বর্তমানে হামে আক্রান্ত বা জ্বরে ভোগা শিশুদের এই টিকা দেওয়া হবে না। অসুস্থ শিশুদের জন্য ভিটামিন ‘এ’ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেসব ৩০টি উপজেলায় রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, ২০২০ সালের জাতীয় টিকাদান কর্মসূচির পর জন্ম নেওয়া অনেক শিশু এখনো টিকার বাইরে রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে তাদের টিকার আওতায় আনা হবে। বিশেষজ্ঞদের মতে, পূর্বে টিকা নেওয়া শিশুরা পুনরায় টিকা নিলেও কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।