একদিনে হামের উপসর্গে ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৭ জন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুনভাবে ৭৮৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ শনিবার (৪ এপ্রিল) বিকেলে এই তথ্য প্রকাশ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪৭৬ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৬০ জন। এ হিসেবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে।

মৃত্যুর বিষয়েও তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ৬ জনের মৃত্যু হয়েছে। এর সঙ্গে পূর্বের মৃত্যুর হিসাব মিলিয়ে ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে হাম নিশ্চিত রোগীর সংখ্যা ১৬ জন।

হাসপাতাল সংক্রান্ত তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৪,৬২৮ জন নতুন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২,৬৫৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নিজস্ব স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে এবং হারের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় তৎপর পর্যবেক্ষণ জারি রেখেছে।