প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মাহ্দী আমিন ও ছালেহ শিবলী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক তথ্য প্রচার ও গণমাধ্যম যোগাযোগের দায়িত্বে মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন মাহ্দী আমিন এবং আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)। রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য প্রেস, মিডিয়া বা অন্যান্য মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে তারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারি দায়িত্বের পাশাপাশি মাহ্দী আমিন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, যার মধ্যে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান খাত অন্তর্ভুক্ত।

অন্যদিকে, প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনরত ছালেহ শিবলী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও প্রশাসনিক পরিমণ্ডলে যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনায় যুক্ত আছেন। অতীতে কূটনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সরকারের তথ্য ব্যবস্থাপনা ও গণমাধ্যমে সমন্বয় জোরদারে এই নিয়োগকে একটি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।