ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ভোরে পরিচালিত এক হামলায় তিনি নিহত হন, যা ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত শত্রুপক্ষের আক্রমণ’ বলে উল্লেখ করা হয়েছে। তবে হামলার ধরন বা স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
খাদেমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২৫ সালের সংঘাতে নিহত এক শীর্ষ সামরিক কর্মকর্তার স্থলাভিষিক্ত হয়ে তিনি এই পদে আসেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থানে হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, একাধিক শহরে হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
রাজধানী তেহরান প্রদেশে হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া কোম ও বন্দর-ই লেঙ্গেহ শহরেও পৃথক হামলায় প্রাণহানির খবর পাওয়া গেছে।
পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এই হামলা এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :