হরমুজ প্রণালী অতিক্রমে ছুটছে বিএসসির ‘বাংলার জয়যাত্রা’


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় সকাল ১১টা) প্রণালির কাছাকাছি পৌঁছানোর আশা করা হচ্ছে।

বিএসসি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমোদন এবং নির্দেশনা পাওয়ার পর জাহাজটি প্রণালী অতিক্রম করবে। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক বলেন, “যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় জাহাজটি যাত্রা শুরু করেছে। তবে প্রণালিতে পৌঁছেই অতিক্রম সম্ভব হবে না। আইআরজিসির অনুমোদনের পর ক্যাপ্টেনকে আমরা নির্দেশনা দেব।”

জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, জাহাজটি বুধবার সকালে সৌদি বন্দরে নোঙর ছাড়ে এবং বর্তমানে ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল বেগে চলছে। হরমুজ প্রণালী অতিক্রমের পর এটি দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক অথবা ব্রাজিলের কোনো বন্দরের দিকে যেতে পারে।

এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরু হওয়ার কারণে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবল আলী বন্দরে আটকা পড়ে। পণ্য খালাস শেষ হলেও নিরাপত্তাজনিত কারণে পরবর্তী গন্তব্যে যেতে পারেনি। হরমুজ প্রণালী এড়াতে বিকল্প পথে সৌদি বন্দরে নোঙর করলেও সেখানে ও আটকা পড়ে। যুদ্ধবিরতির পর অবশেষে জাহাজটি যাত্রা শুরু করেছে, যার ফলে জাহাজের ৩১ নাবিক দীর্ঘ উৎকণ্ঠা থেকে মুক্তি পাচ্ছেন।

একই সময় চট্টগ্রামে বিএসসি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় জানানো হয়েছে, সংস্থাটি আরও চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা করছে। এর মধ্যে দুটি ক্রুড অয়েল বহনকারী মাদার ট্যাঙ্কার এবং দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। দুটি জাহাজ কেনার জন্য চীনের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে ঋণ চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে। বাকি দুটি জাহাজের প্রকল্প প্রস্তাব একনেক সভায় উপস্থাপন হবে।

সভায় সংস্থার আয়-ব্যয়ের তথ্য তুলে ধরে জানানো হয়েছে, গত অর্থবছরে বিএসসি ৩০৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা সংস্থার ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ। নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ আনোয়ার পাশা ও নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।