বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। জেলা নির্বাচন কর্মকর্তাদের তথ্যমতে, ভোটগ্রহণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেট, ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ হাজার ৬৫৫ জন নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে পাঁচটি কেন্দ্রকে বিশেষ ঝুঁকিপূর্ণ বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মাকসবাদী) মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি উপজেলা, ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ১২৮টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এই দুই আসনের ভোটগ্রহণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :