আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্যান্য আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ১:১৯ অপরাহ্ন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদের হত্যায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। অপর ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্যানেল রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় বিচারিক প্যানেল হত্যা, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রমাণ উপস্থাপন করে আসামিদের দায়িত্বের পরিপ্রেক্ষিতে সাজা নির্ধারণ করেন। মামলার বিবেচনায় এ রায় আন্তর্জাতিক মানবাধিকার ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে গণ্য হচ্ছে।