অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে এসব বিল অনুমোদন পায়।
উত্থাপিত বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিস্তারিত আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের জন্য প্রস্তাব করা হয়েছে। অবশিষ্ট ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি সংশোধন করে নতুন বিল হিসেবে উপস্থাপনের সুপারিশ রয়েছে।
এদিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত পাঁচটি বিল সংসদে উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল উপস্থাপন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল পাসের প্রস্তাব দেন। উভয় বিলই সংসদে অনুমোদিত হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানত সুরক্ষা, এক্সাইজ ও লবণ, এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সংক্রান্ত তিনটি বিল উত্থাপন করেন, যেগুলোও সর্বসম্মতিক্রমে পাস হয়।
সরকারি সূত্রে বলা হয়েছে, অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের মাধ্যমে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং আইনগত ভিত্তি শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :