সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু, চলবে ১২ এপ্রিল পর্যন্ত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, আর মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত ৫০ হাজার টাকা জমা দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার থেকে রোববার পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ মে ভোটের দিন রেখে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল বাছাই, ২৬ এপ্রিল আপিল দাখিল এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

ইসি জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন বরাদ্দ থাকবে।