ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
পরিবারের পক্ষ থেকে তার পুত্র আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে শারীরিক অসুস্থতা অনুভব করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
১৯৩৩ সালে জন্ম নেওয়া আশা ভোঁসলে ভারতীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত। কয়েক দশকজুড়ে বিস্তৃত ক্যারিয়ারে তিনি হিন্দি, বাংলা সহ বহু ভাষায় হাজারো গান গেয়েছেন। শাস্ত্রীয় সংগীত, আধুনিক গান, গজল কিংবা ক্যাবারে—প্রতিটি ধারাতেই তিনি রেখে গেছেন স্বতন্ত্র ও শক্তিশালী ছাপ।
তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান সময়ের সীমা অতিক্রম করে আজও সমান জনপ্রিয়। একাধিক প্রজন্মের শ্রোতাদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা ও আবেগের নাম।
অসুস্থতার খবর প্রকাশের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সংগীতজগতকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নিলেন এই কিংবদন্তি শিল্পী।
তার মৃত্যুতে ভারতসহ উপমহাদেশজুড়ে সংগীতপ্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অবদান ও সৃষ্টিকর্ম দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করে যাবে।
আপনার মতামত লিখুন :