বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নববর্ষকে তিনি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতিগত আত্মপরিচয়ের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
নববর্ষের বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ শুধু উৎসব নয়, এটি মানুষের জীবনে নতুন করে শুরু করার প্রেরণা জোগায়। অতীতের ক্লান্তি ও ব্যর্থতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে এই দিন।
তিনি বলেন, কৃষিনির্ভর অর্থনীতি ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক বাংলা নববর্ষের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই এই উৎসব গ্রামীণ জীবন ও নগর সংস্কৃতিকে একসূত্রে বাঁধে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বৈশাখী উৎসব ও লোকজ সংস্কৃতি বাংলাদেশের সামাজিক ঐক্যকে শক্তিশালী করে এবং বহুমাত্রিক সংস্কৃতিকে সামনে নিয়ে আসে।
সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সামাজিক সুরক্ষা ও কৃষি খাতে নেওয়া কর্মসূচি জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত জরুরি। নববর্ষের শিক্ষা হলো—সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে কাজ করা।
শেষে তিনি দেশবাসীর প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর সবার জীবনে সমৃদ্ধি, শান্তি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক।
আপনার মতামত লিখুন :