আন্দামান সাগরে একটি যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছেন।
ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে UNHCR এবং IOM। সংস্থাগুলোর প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রলারটি বাংলাদেশের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। প্রতিকূল আবহাওয়া, উত্তাল সাগর এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে এটি ডুবে যায়।
জাতিসংঘ সংস্থাগুলোর মতে, এই দুর্ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তার প্রতিফলন। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংকট এবং নিরাপদ প্রত্যাবাসনের অনিশ্চয়তা রোহিঙ্গাদের এমন ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, শরণার্থী শিবিরে সীমিত সুযোগ, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব এবং মানবিক সহায়তার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর সুযোগ নিয়ে মানবপাচারকারী চক্র ভ্রান্ত প্রতিশ্রুতি দিয়ে অসহায় মানুষকে বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রলুব্ধ করছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাগুলো বলেছে, জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা বাড়ানো এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিশ্চিত না হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :